অবৈধভাবে ইরানে প্রবেশের চেষ্টা করতে গিয়ে আফগানিস্তান-ইরান সীমান্তের দুর্গম মরুভূমিতে তীব্র গরম ও পানিশূন্যতায় ১৯ আফগান নাগরিকের মৃত্যু হয়েছে।
আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নিমরোজ প্রদেশের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকারী দল রিগ লালো মরুভূমি থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার করেছে। এর কয়েক দিন আগে কাছাকাছি দাশত-ই মারগো (মৃত্যুর মরুভূমি) এলাকা থেকে আরও পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়।
নিমরোজের তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালক হাবিবুল্লাহ এলহাম বলেন, মরুভূমি অতিক্রমের সময় তাদের সঙ্গে থাকা পানির মজুত শেষ হয়ে যায়। প্রচণ্ড তাপদাহ ও পানিশূন্যতার কারণে তারা প্রাণ হারান।
কর্মকর্তারা জানান, প্রথমে পাঁচজনের মরদেহ উদ্ধারের পর নিখোঁজদের খোঁজে অভিযান শুরু হয়। পরে আরও ১৪টি মরদেহ উদ্ধার হলে নিশ্চিত হওয়া যায়, ইরানে পৌঁছানোর চেষ্টা করা ১৯ জনই যাত্রাপথে মারা গেছেন।
প্রাদেশিক মুখপাত্র আবদুল মুতাওয়াকিল তাওহিদি জানান, স্থানীয় বাসিন্দাদের সহায়তায় প্রশাসন দুর্গম মরুভূমি থেকে মরদেহগুলো উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে গেছে।
স্থানীয় সূত্র ও আফগান গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নিহত সবাই উত্তর-পশ্চিম আফগানিস্তানের বাদগিস প্রদেশের একই গ্রামের বাসিন্দা ছিলেন। উন্নত কর্মসংস্থান ও ভালো জীবিকার আশায় তারা ইরানে যাওয়ার চেষ্টা করেছিলেন।
আফগানিস্তান থেকে দেশত্যাগে ইচ্ছুকদের জন্য নিমরোজ প্রদেশ একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট রুট। তবে বিস্তীর্ণ অনুর্বর মরুভূমি, বালিয়াড়ি এবং গ্রীষ্মকালে ৫০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার কারণে এ পথ অত্যন্ত বিপজ্জনক।
মানবিক সহায়তা সংস্থাগুলো দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছে, বিশেষ করে গ্রীষ্মকালে এই পথ দিয়ে যাত্রা করা অভিবাসীরা তীব্র তাপদাহ, পানিশূন্যতা ও শারীরিক অবসাদসহ প্রাণঘাতী ঝুঁকির মুখে পড়েন।




Comments