Image description

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন দ্রুত ও সহজে নিষ্পত্তির লক্ষ্যে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (২ আগস্ট) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক হাবিবা আখতার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি কার্যক্রম সহজীকরণ এবং আবেদনকারীদের জমা দেওয়া প্রমাণপত্র যাচাইয়ের জন্য এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির আহ্বায়ক করা হয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী)কে। সদস্য হিসেবে রয়েছেন উপ-পরিচালক (নিবন্ধন ও প্রবাসী সেবা শাখা) ও সহকারী পরিচালক (মুদ্রণ ও বিতরণ ইউনিট)। সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন সহকারী পরিচালক (সংশোধন ও প্রতিস্থাপন)।

কমিটির দায়িত্বের মধ্যে রয়েছে এনআইডিতে কী ধরনের সংশোধন আবেদন আসে, তার শ্রেণিকরণ করা এবং প্রতিটি ধরনের সংশোধনের জন্য প্রয়োজনীয় প্রমাণপত্রের তালিকা তৈরি করা।

এ ছাড়া ‘ঘ’ ক্যাটাগরিতে প্রমাণপত্রের ঘাটতির কারণে বাতিল হওয়া এবং পরে পুনরায় জমা দেওয়া আবেদনগুলো পর্যাপ্ত কাগজপত্রসহ নিষ্পত্তির বিষয়ে করণীয় নির্ধারণে সুপারিশ করবে কমিটি।

এনআইডি সংশোধনের আবেদন দ্রুত নিষ্পত্তির উপায়, আবেদন ইলেকট্রনিকভাবে প্রক্রিয়াকরণের সময় সৃষ্ট জটিলতা দূর করতে সিএমএস পোর্টালে প্রয়োজনীয় পরিবর্তনের সুপারিশ এবং এনআইডি লক-আনলক ও রোলব্যাক সংক্রান্ত যৌক্তিকতা নির্ধারণেও মতামত দেবে এই কমিটি।