Image description

দেশের পর্যটন খাতকে টেকসই, আধুনিক ও বিশ্বমানের করে গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, এমপি। আজ রোববার গুলশান ক্লাবে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (TOAB)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নবনির্বাচিত কমিটির সদস্যদের আন্তরিক অভিনন্দন জানিয়ে মন্ত্রী আশা প্রকাশ করেন, নতুন এই নেতৃত্ব দেশের পর্যটন শিল্পের সার্বিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার পর্যটন খাতকে নতুন উচ্চতায় নিয়ে যেতে বদ্ধপরিকর। এ লক্ষ্যে দেশের ১,৪৯৮টি পর্যটন আকর্ষণকে অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত 'ট্যুরিজম মাস্টার প্ল্যান' প্রণয়নের কাজ চলছে, যা ভবিষ্যতের দীর্ঘমেয়াদি দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।

তিনি উল্লেখ করেন, বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে একটি আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যটন হাবে পরিণত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। নবনির্মিত কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর বিদেশি পর্যটক আকর্ষণ এবং এই খাতের প্রসারে নতুন মাত্রা যোগ করবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের হোটেল ও মোটেলগুলোতে তাঁদের জন্য বিশেষ মূল্যছাড় দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

পর্যটন খাত থেকে জাতীয় জিডিপিতে (GDP) ৬ থেকে ৭ শতাংশ অবদান নিশ্চিত করার লক্ষ্যমাত্রার কথা উল্লেখ করে আফরোজা খানম বলেন, তথ্যের ঘাটতি দূর করতে দেশব্যাপী 'ট্যুরিজম স্যাটেলাইট অ্যাকাউন্ট' (TSA) বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্য অর্জনে তিনি টিওএবিসহ সংশ্লিষ্ট সকল অংশীজনের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ও নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাউছার চৌধুরী, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মো. শামীমুজ্জামান, বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পি. কাইংলেট, শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপালা ওয়েরাক্কোডি, ব্রুনাই দারুসসালামের হাইকমিশনার হাজী হারিস বিন হাজী ওসমানসহ নেপাল ও পাকিস্তান দূতাবাসের প্রতিনিধিরা। এছাড়াও টিওএবি নেতৃবৃন্দ, পর্যটন খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা এতে অংশ নেন।