দেশের রাজনীতি, সমাজব্যবস্থা ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন বিষয় নিয়ে আবারও সরব হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। সোমবার (৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি দুর্নীতি, রাজনৈতিক সংস্কৃতি, সামাজিক বৈষম্য এবং জনসচেতনতার অভাব নিয়ে তীব্র সমালোচনা করেছেন।
স্ট্যাটাসের শুরুতেই সাম্প্রতিক একটি ঘটনাকে উল্লেখ করে আসিফ আকবর লেখেন, ছোটোখাটো চুরি বা অন্যায়ের ঘটনা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। কিন্তু যারা বড় পরিসরে রাষ্ট্রের সম্পদ লুটপাট করে, তাদের বিরুদ্ধে একই ধরনের প্রতিক্রিয়া দেখা যায় না।
তার ভাষায়, ‘লুটেরা গোষ্ঠী লুটেই যাচ্ছে দেশটাকে। রাজনীতিকে হাতিয়ার বানিয়ে দেশটাকে খোকলা করে এরাই আবার হয়ে যায় জনপ্রতিনিধি। সাধারণ মানুষই তাদের নেতা বানায়, অভিভাবক বানায়। প্রতিশ্রুতির ফাঁদে পড়ে তাদের পেছনেই ঘোরে।’
তিনি আরও লেখেন, আন্দোলন-সংগ্রামে সাধারণ মানুষ ত্যাগ স্বীকার করলেও শেষ পর্যন্ত তারাই আবার একই নেতৃত্বকে প্রতিষ্ঠিত করে। ফলে দেশের রাজনৈতিক ও সামাজিক সংকটের পুনরাবৃত্তি ঘটছে বলে মন্তব্য করেন এই সংগীতশিল্পী।
স্ট্যাটাসে ১৯৫৬ সালের ৩ আগস্ট মুক্তিপ্রাপ্ত প্রথম সবাক বাংলা চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’র ৭০ বছর পূর্তির প্রসঙ্গও টানেন আসিফ। একই সঙ্গে সমসাময়িক রাজনৈতিক বাস্তবতার সঙ্গে তুলনা করে নিজের মতামত তুলে ধরেন।
সম্প্রতি দেশের ফুটবল প্রশাসন নিয়েও মন্তব্য করেন তিনি। তার দাবি, বিভিন্ন প্রতিষ্ঠানে আগের ধ্যানধারণারই পুনরাবৃত্তি হচ্ছে। এটিকে তিনি বৃহত্তর একটি রাজনৈতিক ও সাংস্কৃতিক বাস্তবতার অংশ হিসেবে উল্লেখ করেন।
স্ট্যাটাসের শেষদিকে আসিফ আকবর লেখেন, ‘এই দেশের মানুষের শত্রুর প্রয়োজন নেই, নিজেদের বিনাশে নিজেরাই যথেষ্ট।’ তার মতে, দেশের তরুণরাই সবচেয়ে বেশি মূল্য দিচ্ছে, আর সেই পরিস্থিতির সুযোগ নিচ্ছে একটি সুবিধাভোগী শ্রেণি।




Comments