Image description

বাণিজ্যিক গোপন তথ্য (ট্রেড সিক্রেট) চুরির অভিযোগে চলমান মামলায় ওপেনএআইর বিরুদ্ধে প্রাথমিক নিষেধাজ্ঞা (প্রিলিমিনারি ইনজাংশন) জারির আবেদন করেছে অ্যাপল। কোম্পানিটির দাবি, আদালত যেন ওপেনএআই এবং তাদের কাছে যোগ দেওয়া অ্যাপলের দুই সাবেক কর্মীকে অ্যাপলের গোপন তথ্য ব্যবহার, সংগ্রহ বা প্রকাশ করা থেকে বিরত রাখে।

মঙ্গলবার (৪ আগস্ট) রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার (৩ আগস্ট) যুক্তরাষ্ট্রের একটি আদালতে অ্যাপল এই আবেদন করে। একই সঙ্গে মামলার দ্রুত তদন্তের জন্য প্রয়োজনীয় নথি সংগ্রহ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের অনুমতিও চেয়েছে প্রতিষ্ঠানটি।

গত মাসে অ্যাপল ওপেনএআই এবং তাদের প্রতিষ্ঠানে যোগ দেওয়া অ্যাপলের দুই সাবেক কর্মী-চ্যাং লিউ ও ট্যাং ইউ ট্যানের বিরুদ্ধে মামলা করে।

অভিযোগে বলা হয়, তারা অ্যাপলের গোপন প্রযুক্তিগত তথ্য ব্যবহার করে ওপেনএআইর ভোক্তাপণ্য হার্ডওয়্যার প্রকল্পকে সুবিধা দিচ্ছেন।
চ্যাং লিউ অ্যাপলের সাবেক সিনিয়র সিস্টেম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন। আর ট্যাং ইউ ট্যান আইফোন ও অ্যাপল ওয়াচের পণ্য নকশা বিভাগের সাবেক ভাইস প্রেসিডেন্ট।
 
আদালতের কাছে অ্যাপল আরও অনুরোধ করেছে, এই দুই সাবেক কর্মীর পাশাপাশি ওপেনএআইর কর্মী ইউ-টিং পেং এবং অ্যাপলে আগে কর্মরত থাকা আরেকজন বর্তমান ওপেনএআই কর্মীর সাক্ষ্য নেওয়ার অনুমতি দেওয়া হোক।

এছাড়া ওপেনএআই ও তাদের বাণিজ্যিক সহযোগী আইও প্রডাক্ট-এর প্রতিনিধিদেরও জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়েছে।
আবেদনে অ্যাপল বলেছে, আদালত দ্রুত নিষেধাজ্ঞা না দিলে প্রতিষ্ঠানটি অপূরণীয় ক্ষতির মুখে পড়তে পারে।

তবে ওপেনএআই অভিযোগ অস্বীকার করেছে। এক ব্লগ পোস্টে প্রতিষ্ঠানটি জানিয়েছে, অ্যাপলের আবেদন ভুল তথ্যের ওপর ভিত্তি করে করা হয়েছে। তাদের দাবি, অ্যাপলের কোনো ট্রেড সিক্রেট তাদের কাছে নেই এবং সেগুলো নেওয়ারও কোনো ইচ্ছা নেই।

বিশ্লেষকদের মতে, এই মামলা ভবিষ্যতের এআইনির্ভর ডিভাইসের বাজারে আধিপত্য নিয়ে বড় আইনি লড়াইয়ে রূপ নিতে পারে।

ধারণা করা হচ্ছে, ওপেনএআই এমন একটি ফোন বা অন্য কোনো স্মার্ট ডিভাইস তৈরি করছে, যা প্রচলিত অ্যাপ বা অপারেটিং সিস্টেমের ওপর নির্ভরশীল নাও হতে পারে। এমন ডিভাইস সফল হলে অ্যাপলের সবচেয়ে জনপ্রিয় পণ্য আইফোনের জন্য নতুন প্রতিযোগিতা তৈরি হতে পারে।

মানবকন্ঠ/এমআর