মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান অঙ্গরাজ্যের লিঙ্গি এলাকায় সহকর্মীদের মধ্যে সংঘর্ষে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন বাংলাদেশি। হত্যাকাণ্ডের অভিযোগে নিহতদের এক বাংলাদেশি সহকর্মীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
মঙ্গলবার মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস এ তথ্য জানিয়েছে।
নেগেরি সেম্বিলানের পুলিশপ্রধান দাতুক আলজাফনি আহমদ জানান, সোমবার বিকেল সোয়া ৪টার দিকে লিঙ্গির তামান লিঙ্গি এলাকার একটি বাড়িতে কয়েকজন বাংলাদেশির মধ্যে মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে এক বাংলাদেশিকে আটক করা হয়।
পরে তদন্তের অংশ হিসেবে লিঙ্গির সুয়া ম্যাঙ্গিস এস্টেট এলাকা থেকে তিন বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের কারণে তাদের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আহত আরেক বাংলাদেশিকে রেমবাউ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘটনায় জড়িত সবাই একই প্রতিষ্ঠানে কাজ করতেন এবং একই বাসায় বসবাস করতেন। পুলিশ ধারণা করছে, ঘটনাটি একাধিক স্থানে ঘটেছে। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে এবং পুরো ঘটনার ধারাবাহিকতা জানতে তদন্ত অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে এর আগে কোনো অপরাধমূলক রেকর্ড পাওয়া যায়নি। তাকে রিমান্ডের আবেদনের জন্য পোর্ট ডিকসন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে।
মালয়েশিয়ার দণ্ডবিধির ৩০২ ধারায় মামলাটি তদন্ত করা হচ্ছে। তবে হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট উদ্দেশ্য বা কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।




Comments