Image description

মাগুরায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তরা দুটি পেট্রলবোমারও বিস্ফোরণ ঘটায়।

বুধবার (৫ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন।

পুলিশ জানায়, দুর্বৃত্তরা সাকিবের বাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি দুটি পেট্রলবোমার বিস্ফোরণ ঘটায়। এতে বাড়ির কাচের জানালা ভেঙে যায়। খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে ওই সময় বাড়িতে কেউ উপস্থিত ছিলেন না।

উল্লেখ্য, আজ সন্ধ্যায় ভারতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়ালি অংশ নেন সাকিব আল হাসান।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার আদাবরে রুবেল নামে এক পোশাককর্মী নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলার আসামি সাকিব আল হাসান। ওই মামলার কারণে তিনি দেশে ফিরতে পারেননি।

এ ছাড়া শেয়ারবাজারে কারসাজির মাধ্যমে বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত করা এবং অবৈধভাবে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করেছে। পাশাপাশি চেক জালিয়াতি ও প্রতারণার অভিযোগেও তার বিরুদ্ধে মামলা রয়েছে।