পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বুধবার (৫ আগস্ট) দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। ২০২৩ সালের এই দিনে ইমরান খান গ্রেপ্তার হওয়ার স্মরণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
পিটিআইর কেন্দ্রীয় তথ্য সম্পাদক শেখ ওয়াকাস আকরাম সংবাদমাধ্যম ডনকে জানান, পেশাওয়ারে বড় জনসভা অনুষ্ঠিত হবে। অন্য তিনটি প্রদেশে দলীয় আঞ্চলিক ও স্থানীয় নেতারা নিজেদের সুবিধামতো বিক্ষোভ কর্মসূচি পালন করবেন। তিনি দাবি করেন, কর্মসূচি শান্তিপূর্ণ হবে এবং কোনো ধরনের সহিংসতার পরিকল্পনা নেই।
তবে পাঞ্জাব প্রদেশে বিক্ষোভকে কেন্দ্র করে পিটিআইর ২০ জনের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বার্তা সংস্থা এএফপির প্রকাশিত ছবিতে লাহোরে পিটিআই সমর্থকদের বড় সমাবেশ দেখা যায়। পরে সেখান থেকে বেশ কয়েকজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে, ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভের দিন আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদ সংগ্রহেও নতুন বিধিনিষেধ আরোপ করেছে পাকিস্তান সরকার।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নিয়ম অনুযায়ী ইসলামাবাদ, করাচি ও লাহোরে সংবাদ সংগ্রহ করতে হলে বিদেশি গণমাধ্যমের সাংবাদিকদের আগাম অনুমতি নিতে হবে। বিদেশি গণমাধ্যমের হয়ে কাজ করা পাকিস্তানি নাগরিকদের ক্ষেত্রেও একই বিধিনিষেধ কার্যকর হবে।




Comments