জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মো. নূর মোহাম্মদের ওপর ফের হামলার ঘটনা ঘটেছে। সহপাঠীদের সঙ্গে থাকা অবস্থায় সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা এ হামলা চালায় বলে জানা যায়।
বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় সরকারি সোহরাওয়ার্দী সরকারি কলেজের সামনে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন নূর মোহাম্মদের সহপাঠীরা।
তাদের অভিযোগ, ছাত্রদলের নেতাকর্মীরা নূর মোহাম্মদকে লাঠি দিয়ে পিটিয়েছে। এতে তিনি আহত হন। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে ন্যাশনাল মেডিকেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।
ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় সদস্যসচিব ও ডাকসুর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা এক ফেসবুক পোস্টে লিখেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক নূর মোহাম্মদের ওপর হামলা করেছে ছাত্রদল।
জকসুর সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ এক পোস্টে লিখেছেন, ছাত্রদল কি এখন গুন্ডা পোষা শুরু করেছে? সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের কর্মীরা জকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদসহ নারী শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। প্রসাশনকে বলব, হামলাকারীদের এখনই বিচারের আওতায় আনুন।
আহত নূর মোহাম্মদ বলেন, আমরা গতকালে হামলায় আহত এক শিক্ষার্থী দেখতে যাচ্ছিলাম আমরা পাঁচ জন। এমন সময় সোহরাওয়ার্দী ছাত্রদল কাঠের টুকরা ও লাঠি দিয়ে হামলা করেছে। আমরা মাটিতে পড়ে না যাওয়া পর্যন্ত মেরেছে।
এ বিষয় জানতে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিনকে ফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি। তবে হামলার অভিযোগ অস্বীকার করে সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল বলেন, গতকালের ঘটনার পর থেকে আমি অসুস্থ। বিকালে কলেজে কেউ থাকার কথা না।
জবি প্রক্টর অধ্যাপক নাসির উদ্দিন বলেন, এটি অত্যন্ত দুঃখজনক। জগন্নাথের শিক্ষার্থী যেই আইডেন্টিটির হোক না কেন, কারও ওপর এভাবে হামলা মেনে নেওয়া যায় না। আমরা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে উপাচার্যের সঙ্গে কথা পদক্ষেপ নেব।




Comments