লিভারপুলের দীর্ঘ অধ্যায়ের ইতি টেনে নতুন ঠিকানার পথে যাত্রা শুরু করেছেন মিশরের তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। ট্রাবজোনস্পোরে যোগ দিতে বুধবার (৫ আগস্ট) তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছান ৩৪ বছর বয়সী এই ফুটবলার।
ইস্তাম্বুল বিমানবন্দরে সালাহকে স্বাগত জানাতে শত শত সমর্থক ভিড় করেন। ক্লাবের জার্সি, পতাকা ও ব্যানার হাতে প্রিয় তারকার অপেক্ষায় ছিলেন তারা। এএফপিকে এক সমর্থক বলেন, ‘রাতভর কাজ শেষ করেই এখানে এসেছি। মোহাম্মদ সালাহর জন্য প্রয়োজন হলে আরেকটি রাতও না ঘুমিয়ে কাটাতে রাজি আছি।’
সালাহকে বহনকারী ব্যক্তিগত বিমানের ছবি প্রকাশ করে ট্রাবজোনস্পোর সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছে, ‘Salah Mode On’। ক্লাবের নীল-মেরুন জার্সি গায়ে বিমানে বসে থাকা সালাহর সেই ছবি দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এক বিবৃতিতে ট্রাবজোনস্পোর জানিয়েছে, সালাহকে দলে ভেড়ানোর বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে। ইস্তাম্বুলে মেডিকেল পরীক্ষা শেষে তিনি ট্রাবজোন শহরে যাবেন। সবকিছু ঠিক থাকলে দুই বছরের চুক্তিতে সই করবেন, যেখানে আরও এক মৌসুম মেয়াদ বাড়ানোর সুযোগ থাকবে।
তুর্কি গণমাধ্যমের দাবি, নতুন চুক্তি অনুযায়ী সালাহ বছরে প্রায় ১ কোটি ৭০ লাখ ইউরো বেতন পাবেন। এটি ট্রাবজোনস্পোরের ইতিহাসের অন্যতম বড় আর্থিক চুক্তি হতে যাচ্ছে।
লিভারপুলে নয় বছরের ক্যারিয়ারে ৪৪২ ম্যাচে ২৫৭ গোল করেছেন সালাহ। ক্লাবটির ইতিহাসে তিনি তৃতীয় সর্বোচ্চ গোলদাতা। এছাড়া প্রিমিয়ার লিগে তার গোলসংখ্যা ১৯৩, যার মধ্যে ১৯১টিই এসেছে লিভারপুলের জার্সিতে। ইংলিশ শীর্ষ লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায়ও তিনি চতুর্থ স্থানে রয়েছেন।
গত মৌসুমে তুর্কি সুপার লিগে তৃতীয় হওয়া ট্রাবজোনস্পোর এবার উয়েফা ইউরোপা লিগের প্লে-অফে খেলবে। ক্লাবটির আশা, সালাহর আগমনে দেশীয় ও ইউরোপীয় প্রতিযোগিতায় আরও শক্তিশালী অবস্থান গড়ে তুলতে পারবে।
Comments