Image description

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৩ জন, যার মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১২৪ জনের। বুধবার (৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হাম পরিস্থিতি বিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৬৫ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ৯৯৮ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ৭৫৮ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৬ শিশু। ফলে হাম ও হামের উপসর্গে মোট মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫৪ জন।

এ সময়ের মধ্যে দেশে মোট সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ লাখ ৩২ হাজার ৯০৫ জন। তাদের মধ্যে ১৬ হাজার ৬৫৫ জনের শরীরে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে। একই সময়ে মোট ১ লাখ ১৫ হাজার ২৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১১ হাজার ৫ জন।