সোশ্যাল মিডিয়ায় আবারও নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী ও বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াত। এক সহ-অভিনেত্রীকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া একটি বিতর্কিত পোস্ট লাইক করার অভিযোগ পুরোপুরি অস্বীকার করলেও, নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক রহস্যময় বার্তায় তিনি ওই অভিনেত্রীর পোশাক ও বাচনভঙ্গি নিয়ে তীব্র কটাক্ষ করেছেন।
কঙ্গনা কারও নাম উল্লেখ না করলেও তার ব্যবহৃত বিবরণ ও ইঙ্গিত দেখে নেটিজেনদের বড় একটি অংশ মনে করছেন, এই মন্তব্যের মূল তির ছিল অভিনেত্রী সোনাক্ষী সিনহার দিকেই।
ঘটনার সূত্রপাত একটি ভাইরাল স্ক্রিনশটকে কেন্দ্র করে, যেখানে দাবি করা হয় কঙ্গনা ইনস্টাগ্রামের একটি বিতর্কিত পোস্ট লাইক করেছেন। ওই পোস্টে নাম না প্রকাশ করে এক অভিনেত্রীর সিজেপি বিক্ষোভে অংশ নেওয়া এবং ঝাড়খণ্ডের সাম্প্রতিক ছাত্র আন্দোলন নিয়ে নীরব থাকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। পোস্টটিতে অত্যন্ত কটু ভাষায় লেখা হয়েছিল যে, নাম প্রকাশ করা না হলেও এক অভিনেত্রী নিট পরীক্ষার আন্দোলন নিয়ে লাফালাফি করে ভিডিও তৈরি করেছিলেন, অথচ ঝাড়খণ্ড আন্দোলনের সময় মুখ বন্ধ রেখেছেন। হ্যাশট্যাগ দিয়ে পাঠককে চিনে নেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া ওই পোস্টে সংশ্লিষ্ট অভিনেত্রীর শরীর নিয়েও কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়।
এই স্ক্রিনশটটি ছড়িয়ে পড়ার পরপরই কঙ্গনা রানাওয়াত তার নিজস্ব ইনস্টাগ্রাম স্টোরিতে বিষয়টি ভুয়া বলে উড়িয়ে দেন এবং স্পষ্ট করেন যে তিনি কখনো কারও শরীর নিয়ে ট্রোল বা বডি শেমিং সমর্থন করেন না। তবে পোস্টটির সত্যতা অস্বীকার করতে গিয়ে কঙ্গনা এক দীর্ঘ ও রহস্যময় মন্তব্য করে বসেন, যা অনলাইন দুনিয়ায় আলোচনার আগুনে নতুন ঘি ঢেলেছে।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা লেখেন, বর্তমানে অনেক ভুয়া খবর ঘুরে বেড়াচ্ছে এবং এই লাইক দেওয়ার দাবিটিও তেমনই একটি ভুয়া বিষয়। তিনি কখনো কাউকে বডি শেমিং করেন না। তবে তিনি লক্ষ করেছেন, ইদানীং এক অভিনেত্রী পকেটমারের মতো পোশাক পরেন এবং কথা বলেন। তিনি ইদানীং হাফ প্যান্ট ও উল্টো ক্যাপ পরছেন এবং আন্দোলনকারীদের নিম্নমানের আচরণকে অত্যন্ত উৎসাহের সঙ্গে সমর্থন জানিয়ে পকেটমারের মতো হাবভাব করছেন।
কঙ্গনা আরও লেখেন, সম্পর্কের ক্ষেত্রে মানুষ কেমন পোশাক পরে, তা মূলত সে নিজের ভেতরে কেমন বোধ করছে তারই প্রতিফলন। তিনি ওই সহ-অভিনেত্রীকে উদ্দেশ করে বলেন যে, যদি তার পুরুষ সঙ্গী তাকে একজন পকেটমার বা পকেটমারের মতো অনুভব করায় তবে তিনি অত্যন্ত ব্যথিত। অতীতে তিনি খুব রুচিশীলভাবে পোশাক পরতেন এবং চমৎকার কথা বলতেন, তাই এখন তার কী হলো তা নিয়ে প্রশ্ন তোলেন কঙ্গনা। সবশেষে কঙ্গনা যোগ করেন, মতামত যার যার ব্যক্তিগত হলেও নিজের স্টাইলিং আরও ভালো করা সম্ভব এবং প্রয়োজন হলে তিনি সাহায্য করতেও প্রস্তুত আছেন।
যদিও কঙ্গনা তার বক্তব্যে কোনো সুনির্দিষ্ট নাম উল্লেখ করেননি, তবু সমাজমাধ্যমে সক্রিয় ব্যবহারকারীদের একটি বড় অংশের বিশ্বাস, এই মন্তব্যটি সোনাক্ষী সিনহাকে লক্ষ্য করেই করা হয়েছে।
কঙ্গনা আনুষ্ঠানিকভাবে এই ধারণার বিষয়টি নিশ্চিত বা অস্বীকার কোনোটিই করেননি। অন্যদিকে, বিতর্কিত সেই পোস্ট বা কঙ্গনার দেওয়া কড়া বক্তব্যের বিষয়ে সোনাক্ষী সিনহার পক্ষ থেকেও এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া বা বক্তব্য পাওয়া যায়নি।
সূত্র: ফ্রি প্রেস জার্নাল
মানবকণ্ঠ/এমআর




Comments