Image description

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে দীর্ঘমেয়াদি নতুন চুক্তি সই করেছেন ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। নতুন চুক্তি অনুযায়ী, ২০৩২ সালের ৩০ জুন পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতেই থাকছেন তিনি।

বৃহস্পতিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ এই খবরটি নিশ্চিত করেছে। এর ফলে ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ডকে আগামী ছয় বছর স্প্যানিশ জায়ান্টদের জার্সিতেই দেখা যাবে।

ভিনিসিয়ুসের আগের চুক্তির মেয়াদ শেষ হতে বাকি ছিল মাত্র এক বছর। এই সুযোগে তাকে দলে ভেড়াতে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল বেশ আগ্রহ দেখিয়েছিল। তবে শুরু থেকেই ভিনিসিয়ুস রিয়ালে থাকার ব্যাপারে অনড় ছিলেন। প্রায় ১৮ মাস ধরে চলা আলোচনা ও নানা দরকষাকষির পর অবশেষে দুই পক্ষ এই নতুন চুক্তিতে সমঝোতায় পৌঁছায়।

২০১৮ সালে ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গো থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন ভিনিসিয়ুস। এরপর সময়ের সঙ্গে সঙ্গে তিনি দলের অপরিহার্য খেলোয়াড়ে পরিণত হন। রিয়ালের হয়ে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৭৫ ম্যাচে ১২৮টি গোল করেছেন তিনি। স্প্যানিশ এই ক্লাবের হয়ে তিনি জিতেছেন দুটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি লা লিগা ও একটি কোপা দেল রে শিরোপা।

মানবকণ্ঠ/ডিআর