Image description

যুক্তরাজ্যে দীর্ঘ ১৫ মাসেরও বেশি সময় চিকিৎসা শেষে গত সোমবার দেশে ফিরেছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। দেশে ফেরার পরদিনই গত মঙ্গলবার তাকে গুলশানের বাসভবনে দেখতে যান আরেক কিংবদন্তি অভিনেতা আলমগীর। সেখানে দুই দীর্ঘদিনের বন্ধু ও সহকর্মী প্রায় দুই ঘণ্টা সময় কাটান।

আড্ডার সময় তারা স্বাস্থ্যগত বিষয়ের পাশাপাশি পুরোনো অনেক স্মৃতি রোমন্থন করেন। অসুস্থতার কারণে ইলিয়াস কাঞ্চন অনেক কিছু মনে করতে না পারলেও বন্ধু আলমগীর তাকে স্মৃতি মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেন এবং মানসিকভাবে সাহস জোগান।

পারিবারিক সূত্র জানিয়েছে, ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে গত বছরের এপ্রিল থেকে লন্ডনে চিকিৎসাধীন ছিলেন ইলিয়াস কাঞ্চন। গত বছরের আগস্টে লন্ডনের একটি হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকেরা টিউমারের বড় একটি অংশ অপসারণ করতে পারলেও ঝুঁকির কারণে পুরোটি সরাতে পারেননি। পরবর্তী পরীক্ষায় তার ব্রেন ক্যানসার ধরা পড়ে। এরপর থেকে শুরু হয় দীর্ঘমেয়াদি ও জটিল চিকিৎসা প্রক্রিয়া।

অস্ত্রোপচারের পর ইলিয়াস কাঞ্চনকে তিন ধাপে সব মিলিয়ে প্রায় ১০০টি কেমোথেরাপি নিতে হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে টানা তিন মাস এবং পরবর্তীতে দুই দফায় ওরাল থেরাপি দেওয়া হয়। দীর্ঘ এই চিকিৎসার পরও তার শারীরিক অবস্থার আশানুরূপ উন্নতি হয়নি।

দীর্ঘ সময় দেশের বাইরে থাকায় ইলিয়াস কাঞ্চন মানসিকভাবে অস্থির হয়ে পড়েছিলেন এবং দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন। গত ৩০ জুলাই তার তৃতীয় ধাপের থেরাপি শেষ হওয়ার পর পরিবারের সদস্যরা তাকে দেশে নিয়ে আসেন। বর্তমানে তিনি গুলশানের বাসায় বিশ্রামে আছেন। কিছুদিন দেশে সময় কাটানোর পর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার আবারও নতুন দফার চিকিৎসা শুরু হওয়ার কথা রয়েছে।

মানবকণ্ঠ/ডিআর