সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম এবং হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ২১৮ জন শিশু। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় যে তিন শিশুর মৃত্যু হয়েছে, তারা হামের উপসর্গ নিয়ে মারা গেলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৮৬০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৭৬৪ জন এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৯৬ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ৮৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৭৩৩ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে চলতি বছরের আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত মোট ১ লাখ ৩৩ হাজার ৬৩৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় মোট ১৬ হাজার ৭৪০ জনের হাম শনাক্ত হয়েছে।
হাসপাতালগুলোতে রোগীর চাপের বিষয়ে প্রতিবেদনে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ১৫ হাজার ৮৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে যথাযথ চিকিৎসা শেষে ১ লাখ ১১ হাজার ৮৫৭ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য সংশ্লিষ্টরা শিশুদের হামের টিকা নিশ্চিত করার পাশাপাশি শরীরে কোনো ধরনের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments