Image description

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যানসার শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন তার ছেলে হান্টার বাইডেন। এ কারণে তিনি তীব্র ব্যথায় ভুগছেন বলেও জানান হান্টার।

শুক্রবার (৭ আগস্ট) রাতে প্রচারিত বিবিসির এক বিস্তৃত সাক্ষাৎকারে বাবার শারীরিক অবস্থার কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন হান্টার। তিনি জানান, বাইডেনের ক্যানসার শুধু ছড়িয়ে পড়েনি, শরীরের বিভিন্ন অংশে মেটাস্টেসিসও ঘটিয়েছে। এতে ৮৩ বছর বয়সী সাবেক প্রেসিডেন্ট শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন এবং কষ্ট পাচ্ছেন।

বাবার এই শারীরিক কষ্ট পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক বলেও জানান হান্টার। তিনি বলেন, জো বাইডেন সাধারণত নিজের শারীরিক কষ্ট নিয়ে খুব বেশি অভিযোগ করেন না। ফলে তার প্রকৃত কষ্ট অনেক সময় পরিবারের সদস্যদের কাছে আরও বেশি উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়।

গত বছরের মে মাসে হোয়াইট হাউস ছাড়ার চার মাসেরও কম সময়ের মধ্যে নিজের প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা প্রকাশ করেন জো বাইডেন। বয়স ও শারীরিক সক্ষমতা নিয়ে তার প্রেসিডেন্ট থাকাকালীন নানা সমালোচনা হলেও পরবর্তী সময়েও তিনি জনসমক্ষে বিভিন্ন বিষয়ে নিজের মতামত দিয়ে আসছেন।

হান্টার বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রের প্রতি বাবার গভীর বিশ্বাসই তাকে এখনও সক্রিয় থাকতে অনুপ্রাণিত করছে। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি কথা বলে যাচ্ছেন বলেও জানান হান্টার।

এদিকে মধ্যবর্তী নির্বাচনের পর ‘প্রমিস মি, আমেরিকা’ শিরোনামে একটি স্মৃতিকথা প্রকাশের পরিকল্পনা রয়েছে জো বাইডেনের।

সূত্র: দ্য গার্ডিয়ান