Image description

চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে চকরিয়ায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চকরিয়া উপজেলার উত্তর হারবাং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে পর্যটন নগরী কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসা ‘প্রবাল এক্সপ্রেস’ ট্রেনটি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাহারবিল রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। এর কিছুক্ষণ পরই রেললাইনের ওপর এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। মরদেহের অবস্থা দেখে এলাকাবাসীর ধারণা, প্রবাল এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েই ওই নারীর মৃত্যু হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা শওকত মিয়া বলেন, "ট্রেনে কাটা পড়ার খবর শুনে আমরা দ্রুত রেললাইনে ছুটে যাই। সেখানে গিয়ে দেখি এক নারীর মরদেহ ছিন্নবিচ্ছিন্ন অবস্থায় পড়ে আছে। ট্রেনের চাকায় ওই নারীর মুখমণ্ডল ও শরীর এমনভাবে থেঁতলে গেছে যে, এখনও পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।"

সাহারবিল রেলওয়ে স্টেশনের মাস্টার মো. ফরহাদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যা সাড়ে ৭টার পর সাহারবিল রেলওয়ে স্টেশনে পৌঁছানোর আগেই স্টেশন থেকে কিছুটা দূরে এই দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি ইতিমধ্যে রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও পরিচয় শনাক্তকরণসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

মানবকণ্ঠ/ডিআর