ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে আলোচনা হলে দুই দেশের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। কথা বলার মাধ্যমেই সমস্যার সমাধানের পথ তৈরি হয় বলেও মন্তব্য করেন তিনি।
রোববার দুপুরে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভেক) শিশুদের জন্য খেলার জায়গা উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
দীনেশ ত্রিবেদী বলেন, ‘যদি দুই নেতার (প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি) আলোচনা হয়, তখন অনেক সমস্যার সমাধান হয়ে যায়। সমস্যার সমাধান হয় যখন আমরা কথাবার্তা বলি। আমার তো পুরো বিশ্বাস যে মানুষ এক আছে। সমাধান হবে। এখানে কোনো নেতিবাচক বিষয় নেই, সবই ইতিবাচক।’
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সোমবার তার সৌজন্য সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তারা সবাই অনেক সম্মান করেন।
তিনি বলেন, ‘আমি অনেকবার তার বক্তৃতা শুনেছি। তিনি একজন জনবান্ধব ব্যক্তি। আমাদের প্রধানমন্ত্রীও জনবান্ধব ব্যক্তি।’
দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক ও পারস্পরিক যোগাযোগকে গুরুত্ব দিয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, আলোচনার মাধ্যমেই পারস্পরিক বোঝাপড়া বাড়ানো এবং বিভিন্ন সমস্যা সমাধান করা সম্ভব।
এসএস




Comments