ইরান ও ওমানের আলোচনার পর হরমুজ প্রণালি আবার খুলবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় এশিয়ার বাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সময় রাত ১২টা ৫৬ মিনিট পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ৯১ সেন্ট বা ১ দশমিক ০৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৪৬ ডলারে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৬১ সেন্ট বা শূন্য দশমিক ৭৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৮ দশমিক ৭৯ ডলারে দাঁড়িয়েছে।
এর আগে গত সপ্তাহে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় দুই ধরনের অপরিশোধিত তেলের দামই ৭ শতাংশের বেশি কমেছিল। তখন ধারণা করা হয়েছিল, ইরান ও ওমানের মধ্যে একটি সমঝোতা হতে যাচ্ছে, যার ফলে গুরুত্বপূর্ণ এই নৌপথটি আবার চালু হতে পারে।
বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই নৌপথ দিয়ে পরিবহন করা হতো। ফলে প্রণালিটি বন্ধ বা চালু হওয়ার সম্ভাবনা আন্তর্জাতিক তেলের বাজারে সরাসরি প্রভাব ফেলছে।
এদিকে ইরান জানিয়েছে, ওমানের সঙ্গে একটি সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে যুক্তরাষ্ট্রকে এখনো কয়েকটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে তেহরান। ফলে হরমুজ প্রণালি কবে আবার খুলবে, তা নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি।
এসএস




Comments