Image description

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় নাম থাকা অভিনেতা আশরাফুল হক ওরফে ডনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডন গ্রেফতারের পর সালমান শাহর মা নীলা চৌধুরী সন্তোষ প্রকাশ করে বলেছেন, তার ছেলে সালমানকে হত্যা করা হয়েছে এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে ডন ওতপ্রোতভাবে জড়িত।

তিনি আরও অভিযোগ করেন, সালমানের মৃত্যুর পর ডন তাকে বিভিন্নভাবে অপমান করেছেন এবং তার ছেলের নামে মিথ্যা অপবাদ দিয়েছেন। ডন গ্রেফতার হওয়ায় একদিন সবকিছু প্রমাণ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বর্তমান সরকারের প্রতি আস্থা প্রকাশ করে নীলা চৌধুরী বলেন, সালমান হত্যার সঙ্গে জড়িত সবাইকে গ্রেফতার করা হোক। তিনি আশা করেন, একদিন সন্তান হত্যার বিচার পাবেন।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় রহস্যজনকভাবে মারা যান সালমান শাহ। তার মৃত্যুর পর ঘটনাটি আত্মহত্যা হিসেবে ধারণা করা হলেও পরিবারের পক্ষ থেকে তাকে হত্যার অভিযোগ করা হয়।

সালমান শাহ হত্যা মামলায় ১১ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন তার সাবেক স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, আশরাফুল হক ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবি, আবদুস সাত্তার, সাজু ও রিজভী আহমেদ ফরহাদ।