Image description

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৪৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (৯ আগস্ট) দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে বিজিবির কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, মিয়ানমার থেকে বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচারের প্রস্তুতি চলছে—এমন তথ্যের ভিত্তিতে ঘুমধুম বিওপির সদস্যরা অভিযান পরিচালনা করেন। কক্সবাজার ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান আশিকের নেতৃত্বে বিজিবির একটি দল রাত আনুমানিক ১১টার দিকে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান শুরু করে।

অভিযানের ধারাবাহিকতায় সোমবার (১০ আগস্ট) রাত ১২টা ১৫ মিনিটের দিকে সীমান্ত পিলার-৩১-এর কাছাকাছি নয়াপাড়া এলাকায় কয়েকজন চোরাকারবারীকে আসতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। এ সময় চোরাকারবারীরা একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গোলাবারুদ এবং ২ লাখ ৪৬ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট ফেলে পালিয়ে যায়।

পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে এসব সামগ্রী মালিকবিহীন অবস্থায় উদ্ধার করেন।

উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা ট্যাবলেটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারে সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম দমনে কক্সবাজার ব্যাটালিয়নের অভিযান নিয়মিত অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, বিজিবির কার্যকর তৎপরতায় সীমান্তবর্তী জনগণের মধ্যে নিরাপত্তাবোধ ও আস্থা আরও সুদৃঢ় হচ্ছে। সীমান্ত সুরক্ষা ও মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসএ