Image description

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৯৭৯ শিশু।

মঙ্গলবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় পরীক্ষার মাধ্যমে ১০৭ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে আরও ৮৭২ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১১ আগস্ট পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ৭৮২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৮ শিশু। সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গে মোট ৮৮০ শিশুর মৃত্যু হয়েছে।

এ সময়ে দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ১৮৪ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ১৭ হাজার ৩৮৫ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এখন পর্যন্ত মোট ১ লাখ ২০ হাজার ১৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে ১ লাখ ১৫ হাজার ৯৮০ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

এসএস