Image description

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ‘সমকামিতায়’ জড়িত থাকার অভিযোগ উঠেছে। এ অভিযোগের পর মঙ্গলবার রাতে তাদের আবাসিক সিট স্থায়ীভাবে বাতিল করা হয়েছে।

হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আহমেদ আল সাবাহ মঙ্গলবার রাতে এক ফেসবুক পোস্টে বিষয়টি জানান। তিনি দাবি করেন, দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ‘গুরুতর সামাজিক শৃঙ্খলাভঙ্গের (সমকামিতা)’ অভিযোগের প্রমাণ পাওয়ার পর তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে এবং স্থানীয় অভিভাবকের উপস্থিতিতে হল থেকে বের করে দেওয়া হয়েছে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে তাদের বিরুদ্ধে আরও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, ‘আমরা অভিযুক্ত দুই শিক্ষার্থীর হলের সিট স্থায়ীভাবে বাতিল করেছি।’

অভিযোগ ওঠা এক শিক্ষার্থী গণমাধ্যমকে বলেন, বিষয়টি নিয়ে তিনি বর্তমানে ‘ট্রমার’ মধ্যে আছেন। এ বিষয়ে তিনি কথা বলতে ইচ্ছুক নন। অন্য শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।

এর আগে গত ৩০ জুলাই বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলে একই ধরনের অভিযোগে এক শিক্ষার্থীকে আটক করা হয়। পরে তাকে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

এ ছাড়া সম্প্রতি শহীদুল্লাহ হলে হল সংসদের সহ-সাধারণ সম্পাদক (এজিএস) এর কক্ষে থাকা দুই অতিথির বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ ওঠে। ওই ঘটনায় এজিএসের আবাসিক সিট সাময়িকভাবে বাতিল করা হয়।

এসএস