চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) একটি পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে কবি কাজী নজরুল ইসলাম হল-সংলগ্ন পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীরা হলেন কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের চমক দত্ত এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের একই বর্ষের শান্ত দেব। তারা দুজনই মৌলভীবাজার জেলার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুর ১টার দিকে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নামেন শান্ত ও চমক। প্রায় ২০ মিনিট পর তারা পানিতে তলিয়ে যান। বিষয়টি দেখতে পেয়ে অন্য শিক্ষার্থীরা তাদের উদ্ধারে পুকুরে নামেন। প্রায় ১০ মিনিটের মধ্যে চমককে উদ্ধার করা সম্ভব হলেও শান্তকে উদ্ধারে প্রায় ৪০ মিনিট সময় লাগে।
উদ্ধারের পর বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে দ্রুত চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এর আগে গত ২৮ জুলাই একই পুকুরে ডুবে মারা যান যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অর্ণব সাহা। দুই সপ্তাহের ব্যবধানে একই পুকুরে আরও দুই শিক্ষার্থীর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, একের পর এক পুকুরে ডুবে মৃত্যুর ঘটনায় দুর্ঘটনা এড়াতে পুকুরটি সেচে ফেলার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি পুকুরটি বাঁশ দিয়ে ঘিরে দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
নিহত দুই শিক্ষার্থীর বাড়িতে যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দুটি বাসের ব্যবস্থা করা হবে বলেও জানানো হয়েছে। এসব বাসে নিহতদের সহপাঠীসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরা যেতে পারবেন।
এসএস




Comments