রাষ্ট্রপতি নির্বাচনের ঘোষিত তপশিল স্থগিত চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। একই সাথে রিটে সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতাও চ্যালেঞ্জ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ জনস্বার্থে এই রিটটি দায়ের করেন। রিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। আগামী রোববার (১৬ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে এই রিটের ওপর শুনানি হতে পারে।
সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থীরূপে মনোনীত হয়ে কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ওই দল থেকে পদত্যাগ করলে অথবা সংসদে ওই দলের বিপক্ষে ভোট দিলে তাঁর আসন শূন্য হবে। রিটকারী আইনজীবীর মতে, এই বিধানের ফলে রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা স্বাধীনভাবে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন না।
এর আগে গত ৬ আগস্ট নির্বাচন কমিশন (ইসি) রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা করে। তপশিল অনুযায়ী, আজ ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ছিল মনোনয়নপত্র দাখিলের সময়। ১৬ আগস্ট মনোনয়নপত্র বাছাই, ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় এবং ২০ আগস্ট জাতীয় সংসদ কক্ষে ভোটগ্রহণের দিন ধার্য করা হয়েছে।
উল্লেখ্য, এই নির্বাচনের জন্য নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। রাষ্ট্রপতি পদে রাজনৈতিক দলগুলোর প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়ার মধ্যেই এই আইনি চ্যালেঞ্জ আসলো।
ডিআর




Comments