Image description

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ৭ হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। জব্দ করা ইয়াবার আনুমানিক সিজার মূল্য ২১ লাখ টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে গংগারহাট বিওপির আওতাধীন বিদ্যাবাগিস এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে ভারতীয় সীমান্তের দিক থেকে এক ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবির টহলদল তাকে চ্যালেঞ্জ ও ধাওয়া করে। এ সময় ওই ব্যক্তি সঙ্গে থাকা একটি বস্তা ফেলে দ্রুত সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ঘাসের বস্তার ভেতর বিশেষভাবে প্যাকেটজাত অবস্থায় ৭ হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দ করা ইয়াবার সিজার মূল্য ২১ লাখ টাকা। মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। চোরাচালান, মাদকপাচার এবং অবৈধ অনুপ্রবেশের যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।

তিনি আরও বলেন, সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসএ