সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
দেশের মেরুদণ্ড ভেঙে দিয়ে পালিয়েছে বিগত মাফিয়া সরকার
দেশকে ধ্বংসস্তূপ করে রেখে গেছে একটি মাফিয়া দল
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল বলেছেন, “দেশকে ধ্বংসস্তূপ করে রেখে গেছে একটি মাফিয়া দল, একটি তথাকথিত সরকার। দেশের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যা যা করা দরকার, বিগত মাফিয়া সরকার তা করে গেছে।”
শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে নাটোরের সিংড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত সরকারি অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশের বিদ্যুৎ ও গ্যাস খাতকে ধ্বংস করে দেওয়া হয়েছে। বর্তমান সরকার সেখান থেকে উত্তরণের চেষ্টা করছে। সরকারের ১৮০ দিনের অর্জনের মধ্যে বিএনপি প্রতিহিংসার রাজনীতি থেকে বের হয়ে আসতে পেরেছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, “সরকার পরিবর্তন হলেও পথে পথে আতঙ্ক ও নাম বদলের ঘটনা ঘটত, প্রতিষ্ঠান দখল হতো। কিন্তু ৫ আগস্টের পর আমরা দেশে পাহারা দিয়েছি, যেন আর কোনো লাশ না পড়ে।”
অনুষ্ঠানে তিনি জানান, দেশে এখন পর্যন্ত ৭০ হাজার মানুষকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্য ব্যক্তিদেরই এ কার্ডের আওতায় আনা হবে।
দেশকে দুর্নীতিমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, সন্তানকে সম্পদে পরিণত করা এবং প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতিমুক্ত করে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে। পাশাপাশি সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তিনি চলনবিলকে পর্যটন শিল্প হিসেবে গড়ে তোলার ঘোষণাও দেন।
অনুষ্ঠানে নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নাটোর জেলাকে আধুনিক ও উত্তরাঞ্চলের অন্যতম শ্রেষ্ঠ নগরী হিসেবে গড়ে তুলতে হবে।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা এবং বিএনপির নেতাকর্মীরা বক্তব্য দেন।
অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিবন্ধিত ১৪টি বেসরকারি এতিমখানা ও সাতটি সমাজকল্যাণ সংস্থার মধ্যে মোট ৩০ লাখ টাকার সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়।
এসএ




Comments