Image description

বাংলাদেশের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হার অস্ট্রেলিয়ার জন্য নিঃসন্দেহে হতাশার। তবে এই পরাজয়ের পেছনে নিজেদের ব্যর্থতার চেয়ে বাংলাদেশের দুর্দান্ত পারফরম্যান্সকেই বেশি গুরুত্ব দিয়েছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটার স্টিভ স্মিথ।

ম্যাচ শেষে এবিসি স্পোর্টকে দেওয়া প্রতিক্রিয়ায় স্মিথ বলেন, ‘হারের কারণটা খুবই সরল। বাংলাদেশ আমাদের উড়িয়ে দিয়েছে।’

ম্যাচের প্রথম দিনই দুই দলের পার্থক্য তৈরি হয়ে যায় বলে মনে করেন স্মিথ। বাংলাদেশের পেসাররা শুরু থেকেই নিয়ন্ত্রিত ও শৃঙ্খলাবদ্ধ বোলিং করেছেন। বিপরীতে অস্ট্রেলিয়ার ব্যাটাররা সেই চাপ সামলাতে পারেননি।

স্মিথ বলেন, ‘প্রথম দিন সকালে বাংলাদেশ দারুণ বোলিং করেছে। তারা খুবই ডিসিপ্লিনড ছিল। আমাদের ব্যাটসম্যানরা ততটা ডিসিপ্লিনড ছিল না।’

দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটাররা কিছুটা ঘুরে দাঁড়ালেও ততক্ষণে বাংলাদেশের প্রথম ইনিংসের বড় লিড ম্যাচের নিয়ন্ত্রণ তাদের হাতে দিয়ে দেয়। অস্ট্রেলিয়ার কয়েকজন ব্যাটার ভালো শুরু পেলেও তা বড় ইনিংসে রূপ দিতে পারেননি।

এ প্রসঙ্গে স্মিথ বলেন, ‘দ্বিতীয় ইনিংসে আমাদের ব্যাটসম্যানরা ভালো করেছে। তবে প্রথম ইনিংসের লিডটা অনেক বেশি ছিল। সেটা আমাদের নাগালের বাইরে ছিল। উইকেট যদিও ভালো ছিল। অনেকে ভালো শুরু পেয়েছিল, তবে ইনিংস বড় করতে পারেনি।’

দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে সেঞ্চুরি করেন ক্যামেরন গ্রিন। তবে তার ইনিংসকে বড় সংগ্রহে রূপ দেওয়ার মতো সঙ্গ পাননি তিনি।

স্মিথ বলেন, ‘গ্রিন দারুণ একটা সেঞ্চুরি করেছে, তবে তাকে সঙ্গে দেওয়ার লোক ছিল না। টেস্ট জিততে কমপক্ষে ২০০-এর বেশি রানের লক্ষ্য দেওয়া দরকার ছিল। আর যেটা আগেই বললাম, আমাদের বাংলাদেশ উড়িয়ে দিয়েছে।’

তবে এই হার নিয়ে দলের সামগ্রিক পারফরম্যান্স নিয়ে খুব বেশি উদ্বিগ্ন নন স্মিথ। দীর্ঘদিন ধরে ধারাবাহিক ক্রিকেট খেলা অস্ট্রেলিয়ার জন্য এটিকে একটি খারাপ ম্যাচ হিসেবেই দেখছেন তিনি। একই সঙ্গে বাংলাদেশের পারফরম্যান্সেরও প্রশংসা করেছেন এই অভিজ্ঞ ব্যাটার।

স্মিথের ভাষায়, ‘আমরা অনেক দিন ধরে ধারাবাহিক ক্রিকেট খেলছি। এই সপ্তাহটাই শুধু খারাপ গেছে। হ্যাঁ, আমরা অনেক কিছু ভালো করতে পারতাম। তবে বাংলাদেশ যেভাবে খেলেছে, তাদের কৃতিত্ব দিতে হবে।’

এসএস