ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর চলমান সহিংসতা ও হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন পোপ লিও। একই সঙ্গে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (১৬ আগস্ট) রোমের উপকণ্ঠে ক্যাস্তেল গানদোলফোতে নিজের বাসভবনে মধ্যাহ্ন প্রার্থনা শেষে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন পোপ।
সম্প্রতি পশ্চিম তীরের কুসরা গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও গ্রামটি অবরোধের ঘটনা সামনে আসার পর পোপের এই বক্তব্য এলো।
মানবাধিকার সংস্থাগুলোর বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের বাড়িঘর ঘেরাও করার পাশাপাশি বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছে।
পোপ লিও বলেন, পশ্চিম তীরে সাধারণ ফিলিস্তিনিদের ওপর বারবার যে সহিংসতা হচ্ছে, তা বন্ধ করতে হবে। ন্যায়সংগত ও স্থায়ী শান্তির জন্য দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।
ভ্যাটিকান দীর্ঘদিন ধরে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিকে সমর্থন করে আসছে। গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম নিয়ে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণাকে বিশ্বের অনেক দেশ সমর্থন করে।
এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার পশ্চিম তীরে ইহুদি বসতি সম্প্রসারণ বাড়িয়েছে। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করে বসতি সম্প্রসারণের পক্ষে অবস্থান জানিয়েছেন।
জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের অধিকাংশ দেশ পশ্চিম তীরে ইসরায়েলি বসতিগুলোকে আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে অবৈধ বলে মনে করে। ১৯৬৭ সালের যুদ্ধের পর থেকে পশ্চিম তীর ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে।
এসএস




Comments