Image description

তিস্তা নদীর পানি ব্যবস্থাপনা নিয়ে ভারতের সঙ্গে বন্ধুত্ব নষ্ট করতে চায় না বাংলাদেশ। তবে তিস্তা প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে দেশের স্বার্থকেই সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছেন পানি সম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

সোমবার (১৭ আগস্ট) সকালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও পানি সম্পদ মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে বুয়েটে অনুষ্ঠিত ‘তিস্তা নদীর টেকসই ব্যবস্থাপনা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, "তিস্তা পাড়ের মানুষের জন্য সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে বিএনপি। তিস্তা মহাপ্রকল্প নিয়ে ইতোমধ্যে বেশ কিছু সেমিনার সম্পন্ন হয়েছে। বাংলাদেশের কিছু ভৌগোলিক চ্যালেঞ্জ রয়েছে, তবে সেই চ্যালেঞ্জগুলো অতিক্রম করেই সরকার কাজ করে যাচ্ছে।"

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি আরও উল্লেখ করেন, তিস্তা প্রকল্পকে সরকার অত্যন্ত চ্যালেঞ্জিং মনে করছে। যদি দ্রুত এই প্রকল্প বাস্তবায়ন করা না যায়, তবে তিস্তা পাড়ের মানুষ আরও কঠিন সমস্যার সম্মুখীন হবেন। নদীর গতিপ্রকৃতি অনুযায়ী এর নিয়ন্ত্রণ ক্রমশ বাংলাদেশের বাইরে চলে যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

তিস্তা প্রকল্পের একটি সমন্বিত সমাধানের ওপর জোর দিয়ে তিনি বলেন, সরকারের সব পরিকল্পনা হবে সুদূরপ্রসারী এবং এক্ষেত্রে দেশের পানি বিশেষজ্ঞদের মতামতকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, "আমরা চাই না ভারতের সঙ্গে বন্ধুত্ব নষ্ট হোক। আমরা আশা করি আমাদের স্বার্থের দিকে তারা নজর দেবেন।" এছাড়া তিস্তা প্রকল্পে আগ্রহী বিদেশি রাষ্ট্রগুলোর কারিগরি (টেকনিক্যাল) সহায়তাও বাংলাদেশ সাদরে গ্রহণ করবে বলে জানান তিনি।

আলোচনা সভায় বক্তারা নদীর উৎস মুখে গড়ে তোলা বিভিন্ন ড্যাম, ব্যারেজ ও বাঁধের কারণে সৃষ্ট কৃত্রিম নাব্য সংকট এবং কৃষিখাতে এর বিরূপ প্রভাবের বিষয়টি তুলে ধরেন। নদীর স্বাভাবিক গতিপথে কৃত্রিম বাধার তীব্র সমালোচনা করে যৌথ নদী কমিশনের মাধ্যমে একটি সমন্বিত সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়।

সেমিনারে জানানো হয়, তিস্তা অববাহিকায় প্রায় সাড়ে সাত লাখ হেক্টর কৃষিজমি থাকলেও বর্তমানে পানির অভাবে মাত্র এক লাখ হেক্টর জমিতে সেচ দেওয়া সম্ভব হচ্ছে। এর ফলে দেশের খাদ্যশস্য উৎপাদনে বড় ধরনের ঘাটতি তৈরি হচ্ছে।

বুয়েট ও পানি সম্পদ মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এছাড়াও সেমিনারে পানি সম্পদ মন্ত্রণালয় ও বুয়েটের উর্ধ্বতন কর্মকর্তা, বিশেষজ্ঞ এবং শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

ডিআর