Image description

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পূজা চেরির প্রেম ও বিয়ে নিয়ে নতুন করে শুরু হওয়া গুঞ্জন ও ভিত্তিহীন সংবাদের কড়া জবাব দিয়েছেন অভিনেত্রী নিজেই। এক ব্যবসায়ীর সঙ্গে তার বিয়ে হয়ে গেছে—এমন খবর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়লে অবশেষে মুখ খুলেছেন তিনি। কেবল গুঞ্জন উড়িয়ে দেওয়াই নয়, বরং ভিত্তিহীন সংবাদ প্রকাশ অব্যাহত থাকলে প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন পূজা।

সোমবার (১৭ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে পূজা চেরি তার বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশিত সংবাদগুলোকে ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ বলে অভিহিত করেন।

পূজা বলেন, ‘আমি দেখতে পাচ্ছি, গত কিছুদিন ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে আমার বিয়ে এবং ব্যক্তিগত জীবন নিয়ে একের পর এক ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হচ্ছে। কখনো অমুক পেশার কারো সঙ্গে, কখনো অন্য কারো সঙ্গে নাম জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিউজ তৈরি করা হচ্ছে, যা অত্যন্ত বিব্রতকর এবং দুঃখজনক।’

এর আগে দেওয়া একটি সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে অভিনেত্রী জানান, নিজের বিয়ের বিষয়টি নিয়ে তিনি আগেই পরিষ্কার বক্তব্য দিয়েছিলেন। তার ভাষ্যমতে, ‘আমি আগেই একটি সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেছিলাম, আমি এনগেজড এবং পারিবারিকভাবেই আমার বিয়ে ঠিক করা হয়েছে। আমি এটাও নিশ্চিত করেছিলাম যে, যখনই আমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে, আমি নিজেই তা প্রকাশ্যে অত্যন্ত আনন্দের সঙ্গে সবাইকে জানাব। এখানে লুকানোর কিছু নেই।’

বর্তমান গুঞ্জন সরাসরি নাকচ করে পূজা চেরি বলেন, ‘বর্তমানে আমি নিজেকে কিছুটা সময় দিচ্ছি, নতুন কাজের জন্য নিজেকে প্রস্তুত করছি এবং সেই কারণেই ক্যামেরার সামনে অনুপস্থিত। কিন্তু কোনো তথ্য যাচাই না করে বারবার আমাকে জড়িয়ে এভাবে অসত্য সংবাদ প্রকাশ করার পেছনে কী উদ্দেশ্য, তা আমার বোধগম্য নয়। আমি আবারো স্পষ্ট করে বলতে চাই, আমার এখনো বিয়ে হয়নি। যখন হবে, আপনারাই প্রথম জানতে পারবেন।’

ব্যক্তিগত গোপনীয়তা ও আইনি অধিকার প্রসঙ্গে সতর্ক করে পূজা বলেন, ‘অনুমতি ছাড়া কারো ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ করা এবং ভিত্তিহীন বা মিথ্যা তথ্য প্রচার করা আইনত দণ্ডনীয় অপরাধ।’ এসময় তিনি বাংলাদেশের সংবিধানের ৩১ ও ৪৩ অনুচ্ছেদ এবং সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর ২৫ ধারার উল্লেখ করে নিজের আইনি সুরক্ষা এবং সুনাম রক্ষার অধিকারের কথা স্মরণ করিয়ে দেন।

সাংবাদিকদের প্রতি বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘আমি সবসময় গণমাধ্যমের সহযোগিতাকে সম্মান জানাই। কিন্তু আমার নীরবতাকে কেউ যদি সুযোগ হিসেবে ব্যবহার করে ভিত্তিহীন সংবাদ প্রচার করে, তবে আমি নিজের আইনি অধিকার রক্ষায় আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব। আশা করি, সবাই বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন করবেন।’

উল্লেখ্য, ‘পোড়ামন টু’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে বড় পর্দায় যাত্রা শুরু করা পূজা চেরি ক্যারিয়ারে বেশ কিছু আলোচিত সিনেমা উপহার দিয়েছেন। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মাসুদ রানা’। বর্তমানে তার হাতে রয়েছে ‘ক্যাশ’, ‘নাকফুল’ ও ‘দরদরিয়া’র মতো একাধিক সিনেমা।

ডিআর