Image description

কুষ্টিয়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি)-এর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ কারেন্ট জাল, চায়না জাল ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। উদ্ধার করা এসব মালামালের আনুমানিক মূল্য ৫ কোটি ৭৪ লাখ ৩২ হাজার ৫০০ টাকা।

বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৬ আগস্ট রাত ১০টার দিকে চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পদ্মা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে ৪৭ বিজিবির একটি টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ৫ হাজার ৫০ কেজি ভারতীয় কারেন্ট জাল ও ৪ হাজার ৮৪৫ কেজি চায়না জাল জব্দ করা হয়। জব্দ করা জালের আনুমানিক মূল্য ৫ কোটি ৭৩ লাখ ৮০ হাজার টাকা।

পরে জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিধি অনুযায়ী জব্দ করা জালগুলো ব্যাটালিয়ন সদর দপ্তরে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অন্যদিকে, ১৮ আগস্ট রাত পৌনে ২টার দিকে রংমহল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৩৭/২-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেলে টহল দল মালিকবিহীন অবস্থায় ১৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে। উদ্ধার করা গাঁজার আনুমানিক সিজার মূল্য ৫২ হাজার ৫০০ টাকা।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, মাদকদ্রব্যের অনুপ্রবেশ রোধ এবং পদ্মা নদীতে অবৈধভাবে মৎস্য আহরণ বন্ধে বিজিবির কঠোর নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এসএ