Image description

পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর গুরুতর অসুস্থতার তথ্য গোপন রাখার স্বীকৃতিস্বরূপ ভারতের মুম্বাইয়ের দুই পার্সি চিকিৎসককে দেশটির সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘নিশান-ই-ইমতিয়াজ’ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মনোনীত দুই চিকিৎসক হলেন চিকিৎসক জল রতনজি প্যাটেল এবং রেডিওলজিস্ট জল ধাইবু। পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগবিষয়ক মন্ত্রী আহসান ইকবাল সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

১৯৪০-এর দশকে জিন্নাহর চিকিৎসার সঙ্গে যুক্ত ছিলেন জল রতনজি প্যাটেল। বিভিন্ন ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী, জিন্নাহর যক্ষ্মা গুরুতর পর্যায়ে পৌঁছেছিল এবং চিকিৎসকেরা তার জীবন সম্পর্কে গুরুতর আশঙ্কা করেছিলেন। তবে রোগীর চিকিৎসাগত গোপনীয়তা রক্ষায় তারা বিষয়টি প্রকাশ করেননি।

জিন্নাহর অসুস্থতার খবর সে সময় প্রকাশ্যে এলে ভারতভাগ ও পাকিস্তান প্রতিষ্ঠার রাজনৈতিক প্রক্রিয়ায় এর প্রভাব পড়তে পারত বলে ঐতিহাসিকদের একটি অংশ মনে করেন। ল্যারি কলিন্স ও ডমিনিক ল্যাপিয়েরের Freedom at Midnight বইয়েও জিন্নাহর অসুস্থতাকে ঘিরে এই গোপনীয়তার বিষয়টি গুরুত্ব পেয়েছে। তবে জিন্নাহর রোগ ও এর রাজনৈতিক প্রভাব নিয়ে ঐতিহাসিক বিতর্কও রয়েছে।

পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, সংকটপূর্ণ সময়ে পেশাদারিত্ব ও চিকিৎসাগত গোপনীয়তা বজায় রাখার স্বীকৃতি হিসেবে দুই চিকিৎসককে মরণোত্তর এ সম্মাননা দেওয়া হচ্ছে। আগামী মার্চে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে তাদের পরিবারের হাতে পুরস্কার তুলে দেওয়ার কথা রয়েছে।

মোহাম্মদ আলী জিন্নাহ ১৯৪৮ সালের ১১ সেপ্টেম্বর করাচিতে মারা যান। তার মৃত্যুর আগে যক্ষ্মাজনিত অসুস্থতা গুরুতর আকার ধারণ করেছিল বলে ঐতিহাসিক সূত্রে উল্লেখ রয়েছে।

সূত্র: এনডিটিভি, ইন্ডিয়া টুডে।

এসএস