Image description

রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে কোনো প্রার্থীই প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ নিশ্চিত হয়েছে। নির্বাচনে চূড়ান্ত দুই প্রার্থী বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ।

আগামী বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন ৩৪৯ জন সংসদ সদস্য। মঙ্গলবার নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় শেষ হলেও দুই প্রার্থীর কেউ সরে না দাঁড়ানোয় ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে সরাসরি ভোট হতে যাচ্ছে। এর আগে ১৯৯১ সালের পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের প্রয়োজন পড়েনি।

১৯৯১ সালের রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী প্রকাশ্যে ভোটগ্রহণ হবে। বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে ভোট দেবেন সংসদ সদস্যরা। ব্যালটে প্রার্থীর নাম ও স্বাক্ষর দিয়ে ভোট দিতে হবে তাদের।

ইসি সচিব আখতার আহমেদ জানান, রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণে নির্বাচন কমিশনের ২০ জন সহায়ক কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। ভোটের ব্যালটের রং হবে সাদা-কালো। ভোট গণনা শেষে বৃহস্পতিবারই প্রাথমিক ফলাফল ঘোষণা করবেন নির্বাচনি কর্মকর্তা।

নির্বাচনে কোনো প্রার্থীই প্রার্থিতা প্রত্যাহার না করায় দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোট হতে যাচ্ছে। ফলে কে বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা হচ্ছেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে আগ্রহ তৈরি হয়েছে।

ভোটের প্রাথমিক ফলাফল ঘোষণার পর বৃহস্পতিবারই রাষ্ট্রপতি নির্বাচনের গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন।

এসএস