Image description

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা অভিনয়ের পাশাপাশি এবার ব্যাংকিং পেশায়ও যুক্ত হয়েছেন। প্রায় তিন মাস ধরে একটি বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি-ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস) হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

নতুন পেশায় যুক্ত হলেও অভিনয় ছাড়ার কোনো পরিকল্পনা নেই তমার। বরং অভিনয়কে নিজের সবচেয়ে পছন্দের ও ভালোবাসার জায়গা উল্লেখ করে ভবিষ্যতেও নিয়মিত কাজ করে যাওয়ার কথা জানিয়েছেন এই অভিনেত্রী।

তমা মির্জা বলেন, অভিনয় তার প্রথম ভালো লাগা ও ভালোবাসার জায়গা। ব্যাংক কর্তৃপক্ষও তার অভিনয় পেশার বিষয়ে ইতিবাচক। ফলে চাকরির পাশাপাশি অভিনয় চালিয়ে যেতে কোনো বাধা দেখছেন না তিনি।

আফরান নিশোর বিপরীতে ‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’ সিনেমায় অভিনয় করে দর্শকদের নজর কাড়েন তমা। তবে বড় পর্দায় নিয়মিত কাজ করছেন না তিনি। নিজের পছন্দ অনুযায়ী বছরে এক থেকে দুটি সিনেমায় অভিনয় করার সিদ্ধান্ত নিয়েছেন।

ব্যাংকিং পেশায় যোগ দেওয়াকে জীবনের নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ হিসেবে দেখছেন তমা। অভিনয়ের বাইরে জীবনের অন্য ক্ষেত্রেও নিজেকে আবিষ্কারের এই সুযোগ উপভোগ করছেন বলে জানান তিনি।

সিনেমার পাশাপাশি ওটিটিতেও প্রশংসিত হয়েছে তমার অভিনয়। ‘জানোয়ার’, ‘খাঁচার ভিতর অচিন পাখি’ ও ‘ফ্রাইডে’র মতো কনটেন্টে তার অভিনয় দর্শকদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

এদিকে শিগগিরই নতুন সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন তমা মির্জা। ভিকি জাহেদের পরিচালনায় ‘খলনায়ক’ সিনেমায় আফরান নিশোর বিপরীতে দেখা যাবে তাকে।

এসএস