নারীদের জন্য চালু হওয়া বিশেষ ‘গোলাপি বাস’ সেবা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল ও কটূক্তির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। নারীদের সাফল্য, স্বাধীনতা ও স্বাবলম্বী হয়ে ওঠাকে নেতিবাচকভাবে দেখার প্রবণতার সমালোচনা করে নিজের অবস্থান জানিয়েছেন তিনি।
সম্প্রতি ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে সাদিয়া আয়মান বলেন, সমস্যাটি বাসের রং বা নাম নিয়ে নয়; বরং সমাজের একটি অংশের সংকীর্ণ মানসিকতাই এর মূল কারণ। সফল ও স্বাবলম্বী নারীদের স্বাভাবিকভাবে মেনে নেওয়ার ক্ষেত্রে এখনো অনীহা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
‘গোলাপি বাস’ নিয়ে নেতিবাচক মন্তব্যের প্রসঙ্গে অভিনেত্রী বিষয়টিকে ‘কিউট ও পুকি’ হিসেবে উল্লেখ করে নারীদের কঠোর পরিশ্রম ও উদ্যোগের প্রতি সম্মান জানানোর আহ্বান জানান। একই সঙ্গে এই সেবার সঙ্গে যুক্ত নারী কর্মী ও উদ্যোক্তাদের শ্রমকে মূল্যায়ন করার কথাও বলেন তিনি।
সাদিয়া তার অনুসারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক সমালোচনায় গুরুত্ব না দিয়ে জনকল্যাণমূলক উদ্যোগগুলোকে ইতিবাচকভাবে দেখার আহ্বান জানিয়েছেন। তার এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তাকে সমর্থন করেছেন।
সম্প্রতি ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে নারীদের জন্য বিশেষ ‘গোলাপি বাস’ সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই এর অন্যতম উদ্দেশ্য। বিশেষ করে কর্মজীবী নারী ও শিক্ষার্থীদের গণপরিবহনে যাতায়াতের ভোগান্তি ও নিরাপত্তাঝুঁকি কমাতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
এই সেবায় নারী চালক, হেল্পার ও ব্যবস্থাপনার পাশাপাশি নারী যাত্রীদের অগ্রাধিকার দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। উদ্যোগটি অনেকের কাছ থেকে ইতিবাচক সাড়া পেলেও সামাজিক যোগাযোগমাধ্যমের একটি অংশে বাসের রং ও নাম নিয়ে ট্রল শুরু হয়।
নারীদের স্বাবলম্বী করে তোলার এমন উদ্যোগকে হেয় করার প্রবণতার বিরুদ্ধেই সরব হয়েছেন সাদিয়া আয়মান।
এসএস




Comments