বাংলাদেশের ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম শুরুর আগেই তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। ঘোষিত সূচি অনুযায়ী, ২৫ আগস্ট ফেডারেশন কাপ এবং ২৮ আগস্ট বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল) শুরু হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত দল, ড্র ও টুর্নামেন্টের অংশগ্রহণকারী সংখ্যা—কোনোটিই চূড়ান্ত হয়নি।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রফেশনাল লিগ কমিটির ঘোষণায় ২১ আগস্ট চ্যালেঞ্জ কাপ দিয়ে ২০২৬-২৭ মৌসুম শুরু হওয়ার কথা ছিল। তবে সপ্তাহখানেক আগে বাফুফে সভাপতি জানান, এবার চ্যালেঞ্জ কাপ হবে না। একই সঙ্গে নির্ধারিত সময়ে ফেডারেশন কাপ ও লিগ শুরুর পরিকল্পনার কথা জানানো হয়।
কিন্তু মাঠে তার প্রতিফলন নেই। মৌসুম শুরুর মাত্র এক সপ্তাহ আগে কোনো ক্লাবই পুরোপুরি প্রস্তুতি নিতে পারেনি। মূল কারণ, এবারের মৌসুমে ঠিক কয়টি দল অংশ নেবে, সেটিই এখনো নিশ্চিত নয়।
আবাহনী, বসুন্ধরা কিংস ও ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের ওপর ফিফার নিষেধাজ্ঞা ঘিরে এই অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর মধ্যে আবাহনী সম্প্রতি নিষেধাজ্ঞামুক্ত হয়ে দল গঠনের প্রক্রিয়া শুরু করেছে। তবে বসুন্ধরা কিংস এখনো একাধিক নিষেধাজ্ঞা নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছে।
এদিকে মোহামেডানসহ কয়েকটি ক্লাব বর্তমান লিগ কমিটির পরিবর্তন দাবি করে খেলা পিছিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে। ঘরোয়া ফুটবল পরিচালনা কমিটির চেয়ারম্যান একটি ক্লাবের শীর্ষ কর্মকর্তা হওয়ায় কমিটির নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছে কয়েকটি ক্লাব।
বাংলাদেশ ফুটবল লিগ ও বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে অংশ নেওয়া দলগুলো এরই মধ্যে একাধিক দাবি জানিয়ে বাফুফে সভাপতি বরাবর চিঠি দিয়েছে।
মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালক (ক্রীড়া) মোস্তকুর রহমান বলেন, তাদের অনুশীলনের জন্য সময় প্রয়োজন। এখনো দল চূড়ান্ত হয়নি, ফেডারেশন কাপের ড্রও হয়নি। এমন পরিস্থিতিতে ২৫ আগস্ট কীভাবে টুর্নামেন্ট শুরু হবে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
ব্রাদার্স ইউনিয়নের ফুটবল ম্যানেজার আমের খানও একই ধরনের অনিশ্চয়তার কথা জানিয়েছেন। তার মতে, টুর্নামেন্ট শুরুর মাত্র সাত দিন আগে ড্র না হওয়া এবং কয়েকটি দলের নিষেধাজ্ঞা ও ক্লাব লাইসেন্সিং সম্পন্ন না হওয়া বড় সমস্যা।
সব মিলিয়ে ২৫ আগস্ট ফেডারেশন কাপ শুরু করা সম্ভব কি না, তা নিয়েই তৈরি হয়েছে বড় প্রশ্ন। নির্ধারিত সময়ে খেলা শুরু না হলে নতুন তারিখ কী হবে, সেটিও এখনো জানাতে পারেনি বাফুফে।
এ বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার ও প্রফেশনাল লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে নতুন মৌসুমের জন্য সবার আগে দল গঠন করেও অনুশীলন শুরু করতে পারেনি মোহামেডান। অন্যদিকে সোমবার রাতে ফিফার নিষেধাজ্ঞা থেকে মুক্ত হয়েছে আবাহনী। মঙ্গলবার সাবেক ফুটবলার সহিদ হোসেন স্বপনকে নতুন ম্যানেজার নিয়োগ দিয়েছে ক্লাবটি। দ্রুত দল গঠনের কাজও শুরু করেছে ছয়বারের বাংলাদেশ ফুটবল লিগ চ্যাম্পিয়নরা।
গত মৌসুমের ২২ ফুটবলারকে ধরে রাখার সিদ্ধান্তও চূড়ান্ত করেছে আবাহনী। তবে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম কবে এবং কতটি দল নিয়ে মাঠে গড়াবে, সেই প্রশ্নের উত্তর এখনো অজানা।
এসএস




Comments