রাজধানীর যাত্রাবাড়ীতে অনুমোদনহীন স্লিপার বাস তৈরি ও মেরামত এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নিবন্ধন না থাকায় পাঁচটি বডি বিল্ডিং গ্যারেজকে মোট আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার যাত্রাবাড়ীর সামির মৃধা জামে মসজিদসংলগ্ন এলাকায় যৌথ অভিযান চালিয়ে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত-৫ এ জরিমানা করে।
অভিযানে হাফিজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, জিসান/নুসরাত অটোমোবাইল, আবদুল্লাহ বডি বিল্ডার্স, এ আর মটরস ও তাব্বাসুম মটরসকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
অভিযান শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মালিকরা ভবিষ্যতে অনুমোদনহীনভাবে এ ধরনের কাজ করবেন না বলে অঙ্গীকারনামা দেন।
অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল হাই সাংবাদিকদের বলেন, অবৈধ ও অনিবন্ধিত গ্যারেজ-ওয়ার্কশপের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি অনুমোদন ছাড়া বাসের কাঠামো পরিবর্তন, যাত্রীবাহী যানবাহনে অননুমোদিত স্লিপার কোচের কাঠামো তৈরি এবং এসব যানবাহনের সড়কে চলাচলের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে অনুমোদনহীনভাবে যানবাহনের কাঠামো পরিবর্তন ও স্লিপার কোচ তৈরির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এসএস




Comments