Image description

ঢাকার সাভারের আশুলিয়ায় তা’লীমুল কুরআন ইসলামীয়া মাদরাসায় শিক্ষার্থীদের সবক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে আশুলিয়ার দক্ষিণ গাজিরচটের আয়নাল মার্কেট এলাকায় মাদরাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিনিয়র সার্জন ডা. মো. এনামুল হক নিহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মো. ইসরাফিল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদরাসার পরিচালক হাফেজ ক্বারী মো. খাইরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা মাজলিসুল মুফাসসিরিনের সভাপতি মাওলানা মো. জহিরুল ইসলাম জিহাদী। এ ছাড়া মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ মো. ইসরাফিল হোসেন বলেন, স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীদের আর্থিক সংকটসহ বিভিন্ন সমস্যায় তিনি পাশে থেকে কাজ করবেন।

তিনি বলেন, “আমি নিজেও একটি মাদরাসা পরিচালনা করে আসছি। সেখানে শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছি। ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করব।”

আলোচনা সভা শেষে মাদরাসার শিক্ষার্থীদের সবক প্রদান করা হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসএ