আয়কর প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রথমবারের মতো একজন নারী কর্মকর্তাকে কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সিআইসির নতুন মহাপরিচালক হয়েছেন কর অঞ্চল-৪-এর কমিশনার সেলিনা সুলতানা। বৃহস্পতিবার ২২ জন কর কমিশনারের দপ্তর বদল করে প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর।
সিআইসি এনবিআরের একটি বিশেষায়িত গোয়েন্দা ইউনিট। আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষায়িত ইউনিটের মতো এই সেল আয়কর, ভ্যাট ও কাস্টমস–সংক্রান্ত বিভিন্ন অপরাধের তদন্ত করে।
প্রজ্ঞাপন অনুযায়ী, সিআইসির বর্তমান পরিচালক মোহাম্মদ আবদুর রকিবকে কর অঞ্চল-৮-এ বদলি করা হয়েছে। কর অঞ্চল-৪-এর কমিশনার সেলিনা সুলতানাকে সিআইসির মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া আয়কর গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. লুৎফুন্নাহার বেগমকে কর অঞ্চল-১১-এ বদলি করা হয়েছে। কর পরিদর্শন পরিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মহিদুল হাসানকে আয়কর গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে।
অন্যদিকে কবির উদ্দিন মোল্লাকে কর অঞ্চল-৪, শহিদুল ইসলামকে কর আপিল অঞ্চল-৩ এবং নাজমা পারভীনকে কেন্দ্রীয় কর জরিপ অঞ্চলে পদায়ন করা হয়েছে।
এসএস




Comments