Image description

চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত দুই আসরে বড় অঙ্কের লোকসানের বিষয়টি বিবেচনায় নিয়ে তাড়াহুড়ো করে টুর্নামেন্ট আয়োজন করতে চাইছে না বোর্ড। সবকিছু নতুন করে গুছিয়ে আগামী বছর বিপিএল আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে।

বিপিএল নিয়ে আলোচনায় বিসিবি সভাপতি তামিম ইকবাল বলেন, ‘এ বছর বিপিএল হচ্ছে না। আমরা একটা ফর্মুলা নিয়ে কাজ করছি।’

বিসিবি সূত্রে জানা গেছে, গত দুই বছরে বিপিএল আয়োজন করতে গিয়ে প্রায় ৪০ কোটি টাকা লোকসান হয়েছে। এ বিষয়ে তামিম বলেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে বিসিবির লাভ করার কথা, লোকসান করার কথা নয়। সমস্যাগুলো সমাধান না হওয়া পর্যন্ত লোকসান করে টুর্নামেন্ট আয়োজন করা গুরুত্বপূর্ণ নয়।

তবে বিপিএল বন্ধ করে দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। তিনি বলেন, টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে বোর্ডের শতভাগ আগ্রহ রয়েছে। তবে তাড়াহুড়ো না করে সবকিছু সঠিকভাবে করতে চান তিনি। প্রয়োজনে ছয় মাস বা ১২ মাস সময় নিতেও প্রস্তুত বিসিবি।

ইতোমধ্যে ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে বোর্ড। যেসব দলের বকেয়া, ব্যাংক গ্যারান্টি কিংবা অন্যান্য জটিলতা রয়েছে, সেগুলো ধাপে ধাপে সমাধানের চেষ্টা চলছে। পাশাপাশি আগামী আসরের জন্য যথেষ্ট সময় হাতে রেখে ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করতে চায় বিসিবি।

তামিম ইকবাল জানান, আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া শেষ করার লক্ষ্য রয়েছে। আগে শেষ মুহূর্তে সবকিছু চূড়ান্ত করা হলেও এবার পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজি বাছাই করতে চান তারা। এতে কোনো দল শেষ মুহূর্তে সরে গেলে বিকল্প ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে।

বিসিবি সভাপতি বলেন, চাইলে দ্রুত পাঁচটি দল দাঁড় করিয়ে দেওয়া সম্ভব। তবে তিনি তা করতে চান না। তার কাছে সুষ্ঠু ক্রিকেট আয়োজন এবং বিসিবির মর্যাদা বজায় রাখাই বেশি গুরুত্বপূর্ণ। এ জন্য সমালোচনা হলেও তা মেনে নিতে প্রস্তুত তিনি।

এসএস