নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে রাজধানীতে আজ সোমবার (২৪ আগস্ট) অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করবেন শিক্ষক-কর্মচারীরা।
সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালনের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বাংলাদেশ নন-এমপিও (বেতন-বিহীন) শিক্ষক-কর্মচারী পরিষদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। গতকাল রোববার (২৩ আগস্ট) সংগঠনের পক্ষ থেকে করা আবেদনের পরিপ্রেক্ষিতে শর্তসাপেক্ষে কর্মসূচির অনুমতি দেয় পুলিশ।
ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপারেশনস) মো. মাহবুব হোসেন কামালের সই করা অনুমতিপত্রে কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের নির্দেশ দেওয়া হয়েছে। এতে মোট ২১টি শর্ত দেওয়া হয়েছে।
শর্ত অনুযায়ী, নির্ধারিত স্থান ও সময়ের বাইরে কর্মসূচি পালন করা যাবে না। উসকানিমূলক বক্তব্য, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন প্রচার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে—এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না।
এ ছাড়া কর্মসূচিতে মাদকদ্রব্য ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। জনসাধারণের চলাচলে যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সে বিষয়েও সতর্ক থাকতে বলা হয়েছে। পুলিশের নির্দেশনা মেনে চলার পাশাপাশি সংগঠনের নিজস্ব ব্যবস্থাপনায় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করতে বলা হয়েছে।
নন-এমপিও শিক্ষক-কর্মচারী পরিষদের সদস্যসচিব মো. জাহাঙ্গীর আলম বলেন, বছরের পর বছর নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতা ছাড়াই শিক্ষাপ্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছেন। যোগ্য নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করে শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করাই তাদের একমাত্র দাবি।
তিনি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ধারাবাহিকভাবে শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাবেন।
এসএস




Comments