মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কনিষ্ঠ ছেলে ব্যারন ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে। এই ঘটনার পর নড়েচড়ে বসেছে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিক্রেট সার্ভিস।
সিক্রেট সার্ভিসের মুখপাত্র নেট হেরিং জানিয়েছেন, সংস্থাটি ভিডিওটির বিষয়ে অবগত রয়েছে। তাদের সুরক্ষাধীন ব্যক্তিদের প্রতি যেকোনো ধরনের সম্ভাব্য হুমকিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হয়।
প্রায় তিন মিনিটের ওই ভিডিওটির শুরুতে ইংরেজিতে লেখা ছিল— “ব্যারন ট্রাম্পকে কোথায় হত্যা করা হবে?” ভিডিওতে নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারসহ ব্যারন যেখানে নিয়মিত যাতায়াত করেন, এমন কয়েকটি স্থানের গ্রাফিক মানচিত্র দেখানো হয়। ভিডিওর শেষ দিকে ব্যারনকে হত্যার জন্য এক কোটি ডলার পুরস্কারের ঘোষণাও দেওয়া হয়।
সপ্তাহান্তে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি (IRIB) ভিডিওটি প্রচার করে। মার্কিন আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্রের দাবি, এটি ডোনাল্ড ট্রাম্প ও তার পরিবারের সদস্যদের লক্ষ্য করে ইরান থেকে প্রচারিত ধারাবাহিক হুমকিমূলক ভিডিওরই অংশ। এর আগে ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পকে হত্যার হুমকি দেওয়া হলেও, ব্যারনকে সরাসরি লক্ষ্য করে এ ধরনের হুমকি এবারই প্রথম।
উল্লেখ্য, ২০২০ সালে মার্কিন ড্রোন হামলায় ইরানি জেনারেল কাসেম সোলেইমানি নিহত হওয়ার পর থেকেই ডোনাল্ড ট্রাম্পের ওপর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়ে আসছে ইরান। সম্প্রতি ইরানে ট্রাম্পকে হত্যার বিনিময়ে পুরস্কার ঘোষণার পোস্টারও দেখা গেছে। সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, ব্যারন ট্রাম্পের প্রতি এই নতুন হুমকিকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে।
ডিআর




Comments