Image description

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানী ঢাকার নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরীর গুরুত্বপূর্ণ স্থান, প্রবেশপথ ও জনসমাগম এলাকায় বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় পিকেট ও চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। নগরীর সব প্রবেশপথে চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।

এ ছাড়া ডিবি ও সিটিটিসির সদস্যরা গোয়েন্দা নজরদারির পাশাপাশি নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করবেন। গুরুত্বপূর্ণ স্থান ও জনসমাগম এলাকায় সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও কে-নাইন ইউনিটের সদস্যরা তল্লাশি চালাবেন।

গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব এলাকায় সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে নজরদারি করা হবে। সিটিএসবি ও আইএডির সদস্যরা সাদা পোশাকে দায়িত্ব পালন করে গোয়েন্দা তথ্য সংগ্রহ করবেন।

নিরাপত্তা জোরদারে অতিরিক্ত র‍্যাব ও সিআইডি টিম মোতায়েন থাকবে। পাশাপাশি জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলায় কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত রাখা হয়েছে।

মিলাদ মাহফিল, আলোচনা সভা ও র‍্যালিকে কেন্দ্র করে স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হবে। র‍্যালির সামনে ও পেছনে সংশ্লিষ্ট থানার মোবাইল টিম দায়িত্ব পালন করবে।

ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারাও মাঠে থেকে নিজ নিজ এলাকার নিরাপত্তা ব্যবস্থা তদারকি করবেন। ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্নে আয়োজন এবং নগরবাসীর নিরাপদ চলাচল নিশ্চিত করতেই এ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

এসএস