Image description

রাশিয়ার রাজধানী মস্কোর ভনুকোভো আন্তর্জাতিক বিমানবন্দরে হঠাৎ অবতরণ করেছে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান। তবে বিমানটি কেন মস্কোয় গেছে, সে বিষয়ে রুশ প্রেসিডেন্টের সরকারি বাসভবন ক্রেমলিনের কাছে কোনো তথ্য নেই বলে জানানো হয়েছে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৫ আগস্ট) গ্রিনিচ মান সময় সকাল ৭টার দিকে মার্কিন সামরিক বাহিনীর বোয়িং সি-১৭ গ্লোবমাস্টার বিমানটি মস্কোয় পৌঁছায়।

মার্কিন নিবন্ধিত ‘০৭-৭১৮১’ নম্বরের বিমানটি লাটভিয়ার রাজধানী রিগা থেকে সরাসরি মস্কোয় যায়। এর আগে বিমানটি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কাছে ক্যাম্প স্প্রিংস সামরিক ঘাঁটি থেকে রিগায় গিয়েছিল।

বিমানটিতে কোনো যাত্রী বা মালামাল ছিল কি না, সে বিষয়ে ফ্লাইট ট্র্যাকিং তথ্য থেকে নিশ্চিত হওয়া যায়নি। একইভাবে বিমানটি কী উদ্দেশ্যে মস্কোয় গেছে, সেটিও স্পষ্ট নয়।

এদিকে, মস্কোয় মার্কিন সামরিক বিমান অবতরণের বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য নেই বলে জানিয়েছে ক্রেমলিন। ফলে কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই মার্কিন সামরিক বিমানের মস্কোয় উপস্থিতি নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে।

চলতি বছরে ইউরোপ থেকে সরাসরি রাশিয়ায় আমেরিকান নিবন্ধিত বিমানের এটি দ্বিতীয় ফ্লাইট। এর আগে জানুয়ারিতে মার্কিন বিশেষ প্রতিনিধি স্টিভেন উইটকফ ও জ্যারেড কুশনার ইউক্রেন যুদ্ধ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে একটি বিমানে মস্কো সফর করেছিলেন।

বর্তমানে মধ্যপ্রাচ্যে ইরান সংঘাতের প্রভাবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ইউক্রেন যুদ্ধ নিয়ে শান্তি আলোচনা অনেকটাই স্থবির। গত সপ্তাহেও ক্রেমলিন জানিয়েছিল, উইটকফ ও কুশনারের নতুন কোনো মস্কো সফর নির্ধারিত নেই।

এ অবস্থায় কোনো পূর্বঘোষণা ছাড়াই মার্কিন সামরিক পরিবহন বিমানের মস্কোয় অবতরণ নতুন করে কৌতূহল তৈরি করেছে।

সূত্র: রয়টার্স

এসএস