ঢাকা ওয়াসার নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব ড. মো. মনিরুজ্জামান।
মঙ্গলবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে তাকে প্রেষণে ঢাকা ওয়াসার এমডি পদে নিয়োগ দেয়।
এর আগে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন মো. আমিনুল ইসলাম। তার স্থলাভিষিক্ত হলেন ড. মনিরুজ্জামান।
এদিকে মো. আমিনুল ইসলামকে সচিব পদমর্যাদায় এক বছরের চুক্তিতে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি চুক্তিতে ঢাকা ওয়াসার এমডির দায়িত্ব পালন করছিলেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আমিনুল ইসলামের ঢাকা ওয়াসার এমডি হিসেবে চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করে নতুন পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে তার এক বছরের চুক্তির মেয়াদ কার্যকর হবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।
ঢাকা ওয়াসার প্রধান দায়িত্ব রাজধানী ও আশপাশের এলাকায় নিরাপদ পানি সরবরাহ করা। পাশাপাশি পয়োনিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থাপনা, পানি উৎপাদন ও পরিশোধন, সরবরাহ অবকাঠামোর উন্নয়ন এবং বর্জ্য ব্যবস্থাপনাতেও সংস্থাটি কাজ করে।
এসএস




Comments