দেশব্যাপী সার উত্তোলন, সুষ্ঠু বিতরণ ও সার ডিলার নিয়োগসংক্রান্ত কার্যক্রমে কৃষি মন্ত্রণালয়কে সহযোগিতা ও সমন্বয়ের জন্য গঠিত নতুন মন্ত্রিসভা কমিটিতে সদস্য করা হয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে।
মঙ্গলবার (২৫ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির আহ্বায়ক করা হয়েছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনকে। কমিটির অপর সদস্য হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু।
কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, দেশব্যাপী সার উত্তোলন, বিতরণ এবং সার ডিলার নিয়োগসংক্রান্ত কার্যক্রম পর্যবেক্ষণ করে কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে।
কৃষকের জন্য সারের সহজলভ্যতা নিশ্চিত করা এবং সার বিতরণ ও ডিলার নিয়োগে শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখাই কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। কৃষি উৎপাদনের অন্যতম প্রধান উপকরণ সার হওয়ায় এর সরবরাহ ও বিতরণে কোনো অনিয়ম হলে কৃষকের উৎপাদন খরচ ও ফসল উৎপাদনে সরাসরি প্রভাব পড়ে।
এ কারণে নতুন গঠিত এই কমিটির কার্যক্রমকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, কমিটির সদস্য হিসেবে মীর শাহে আলম কৃষকের স্বার্থ রক্ষা এবং সার ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে ভূমিকা রাখবেন।
এসএস




Comments