Image description

আজ ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। বিশ্বমানবতার মুক্তির দিশারি মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পুণ্যস্মৃতি বিজড়িত এই দিনটি বাংলাদেশে তথা সারা বিশ্বে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে। পবিত্র এই দিন উপলক্ষে বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় মোদি বলেন, ‘ঈদ মোবারক! মিলাদুন্নবীর শুভেচ্ছা। আশা করি, এই পবিত্র উপলক্ষ আমাদের চারপাশে আরও বেশি ঐক্য ও আনন্দ বয়ে আনবে। মানুষের প্রতি সদয় হওয়া এবং সমাজের জন্য কিছু করার চেতনা যেন সবসময় আমাদের পথ দেখায়।’

পবিত্র এই দিনটি উপলক্ষে দেশের বিভিন্ন মসজিদ, মাদরাসা ও ইসলামি প্রতিষ্ঠানে মিলাদ, দোয়া মাহফিল ও মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। দেশ ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হবে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ চত্বরে পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালার উদ্বোধন করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজ সারাদেশে সরকারি ছুটি।

ইতিহাস অনুযায়ী, ৫৭০ খ্রিষ্টাব্দে আরবের মক্কা নগরীর কুরাইশ বংশে মা আমিনা বিনতে ওয়াহাবের ঘর আলো করে জন্মগ্রহণ করেন মহানবী (সা.)। শৈশব থেকেই তিনি সততা, ন্যায়পরায়ণতা ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। ৪০ বছর বয়সে নবুওয়াত লাভের পর তিনি মানুষকে এক আল্লাহর ইবাদত এবং শান্তি ও সাম্যের পথে আহ্বান জানান। দীর্ঘ ২৩ বছরের নবুয়তি জীবনে তিনি ইসলামের বাণী প্রচারের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ প্রতিষ্ঠা করেন। অসহায় ও দরিদ্রের পাশে দাঁড়ানো এবং অন্যায় পরিহার করে সম্প্রীতি প্রতিষ্ঠার শিক্ষা আজও বিশ্ববাসীর জন্য পরম পাথেয়।

ডিআর