বিএনপি নেতৃত্বাধীন সরকার কোনো ভুল করলে তা জনসম্মুখে ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, কাজ করলে ভুল হওয়া স্বাভাবিক, তবে সেই ভুল সংশোধন করেই আমাদের এগিয়ে যেতে হবে।
বুধবার (২৬ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীর বনানীর হোটেল শেরাটনে ইনস্টিটিউট অব হযরত মোহাম্মদ (সা.) আয়োজিত দৃষ্টি প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, “সরকার ভুল করলে আঙুল দিয়ে দেখিয়ে দিন। আগামী প্রজন্মের জন্য আমাদের একটি বাসযোগ্য দেশ রেখে যেতে হবে। কাজ করলে ভুল হবেই, সেই ভুলকে সংশোধন করে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা এমন একটি দেশ গড়তে চাই যেখানে গণতন্ত্র ও আইনের শাসন নিশ্চিত হবে এবং ফ্যাসিজম আর কখনো ফিরে আসবে না।”
সামাজিক অন্তর্ভুক্তির গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, “অন্ধকে আলো দেওয়ার মতো মহৎ কাজ আর কিছু হতে পারে না। ইনস্টিটিউট অব হযরত মোহাম্মদ (সা.) দীর্ঘদিন ধরে দৃষ্টি প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের প্রতিভা বিকাশে কাজ করছে। তারা আমাদের সমাজেরই অংশ, তাদেরও সব ধরনের মানবিক অধিকার রয়েছে।”
বিরোধীদের প্রতি ইঙ্গিত করে মন্ত্রী বলেন, “শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা করা উচিত নয়। যারা সমাজে অন্যায় ও হত্যাকাণ্ড দেখেও চোখ বন্ধ করে রয়েছেন, তাদের চোখ খুলতে হবে। সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ববোধ নিয়ে দেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে।”
অনুষ্ঠানে সমাজের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিআর




Comments