আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) গভীর রাত থেকে শুক্রবার (২৮ আগস্ট) ভোরের মধ্যে আকাশে দেখা যাবে বিরল এক মহাজাগতিক দৃশ্য। এ সময় ঘটবে গভীর আংশিক চন্দ্রগ্রহণ। এতে চাঁদের প্রায় ৯৬ শতাংশ অংশ পৃথিবীর ছায়ায় ঢাকা পড়ে যাবে।
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় শুক্রবার সকাল ১০টা ১২ মিনিটে চন্দ্রগ্রহণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। তবে সময় ও ভৌগোলিক অবস্থানের কারণে এই দৃশ্য বাংলাদেশ থেকে দেখা যাবে না।
চন্দ্রগ্রহণের সবচেয়ে পরিষ্কার দৃশ্য দেখা যাবে উত্তর ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন অঞ্চল থেকে। এছাড়া ইউরোপ ও আফ্রিকার কিছু অংশ থেকেও চাঁদ ওঠা বা ডোবার সময় গ্রহণের আংশিক দৃশ্য দেখা যেতে পারে।
চাঁদের বড় একটি অংশ পৃথিবীর সবচেয়ে গাঢ় ছায়া বা ‘আমব্রা’র মধ্যে প্রবেশ করলেও এটি পুরোপুরি অদৃশ্য হয়ে যাবে না। পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে সূর্যের কিছু আলো চাঁদের পৃষ্ঠে পৌঁছাবে। এর ফলে চাঁদ তামাটে বা লালচে রঙ ধারণ করতে পারে। এ ধরনের দৃশ্যকে প্রচলিতভাবে ‘ব্লাড মুন’ বলা হয়।
পুরো চন্দ্রগ্রহণের প্রক্রিয়া পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে চলবে। তবে চাঁদের লালচে বর্ণ ধারণের দৃশ্যটি তুলনামূলকভাবে অল্প সময় স্থায়ী হবে।
চন্দ্রগ্রহণ দেখতে সূর্যগ্রহণের মতো বিশেষ কোনো সুরক্ষা চশমার প্রয়োজন হয় না। আকাশ পরিষ্কার থাকলে খালি চোখেই এই মহাজাগতিক দৃশ্য দেখা যায়।
সূত্র: আনাদোলু এজেন্সি
এসএস




Comments